মাহফুজ “বড় বাংলা”-র যে মানচিত্র দিয়েছে, সেটা কোন হুইম না। সেটা তাদের ভাবাদর্শিক-রাজনৈতিক প্রকল্পের কেন্দ্রীয় প্রশ্ন। সাংবাদিক ফারুক ওয়াসিফ যখন “জুলাই গণপরিসরের’ প্রথম আলেচনাতেই বলেন, একে পার্টির মত একটা দলকে আমরা কেন গ্রহণ করব না– তখন তা আমাদের সূত্র ধরতে সাহায্য করে।
সংক্ষেপে বললে, মাহফুজদের ধর্মযুক্ত কিন্তু নিওলিবারেল ” সভ্যতা রাষ্ট্রের” যে ধারনা- তার মডেল হলো একে পার্টি। তুরস্ক, মিশরসহ আরবের পুরোনো “সেক্যুলারিস্ট” রাষ্ট্রগুলোতে ধর্মবাদীদের সংগ্রাম ও অভিযোজনের ইতিহাস ও অভিজ্ঞতা প্রতিফলিত হয়েছে পোস্ট মডার্ন/পোস্ট স্ট্রাকচারালিস্ট কিছু তাত্ত্বিকদের চিন্তায়। এদেশের ইসলামবাদীরা সেখানে তাদের রাজনীতি তৈরীর নতুন দিশা পেয়েছে। যদিও এরা পোস্ট মডার্ন অর্থে পশ্চিমের বিরোধীতা করে, কিন্তু কার্যত রাজনৈতিক সমর্থন লাভের জন্য সাম্রাজ্যবাদেরই মুখাপেক্ষী। আবার সাম্রাজ্যবাদের কাছে তাদের অর্থনৈতিক নয়া উদারতাবাদ গ্রহণযোগ্য। এভাবে মুসলিমপ্রধান দেশগুলোতে এই লিবারেল ইসলামবাদীরা সাম্রাজ্যবাদের কাছে গ্রহণযোগ্য ও ভালো বিকল্প হয়ে উঠতে পেরেছে।

