দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রুখে দাঁড়াওঅবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নাও

তারিখ : ০৩ মার্চ ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রুখে দাঁড়াও
অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নাও

  • ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা

দ্রব্যমূল্যের উধ্বগতি, খুন-ধর্ষণ, ছিনতাই-চুরি-ডাকাতি, মেলা-খেলাসহ বিভিন্ন সংস্কৃতিক কর্মকান্ডে বাধা, আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমঅবনতিতে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা গভীর উদ্বেগ প্রকাশ করেন।
আজ ৩ মার্চ সোমবার সকাল ১১টায় আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে অনুষ্ঠিত এক বৈঠকে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার নেতৃবৃন্দ এই সব কথা বলেন।
সভায় বক্তব্য রাখেন, মোর্চার সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহবায়ক নাসির উদ্দীন আহম্মদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, বাংলাদেশের সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মুকুল, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান প্রমূখ।
নেতৃবৃন্দ আরো বলেন, দ্রব্য মূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে সরকার শুধু ব্যর্থই হচ্ছেন তাই নয়, উপরন্তু সরকারের ব্যর্থতা-অদক্ষতা ও পক্ষপাত মূলক আচরণ বাজার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উৎসাহিত করছে। এর পূর্বে কালোবাজারি-সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার উদ্যোগ না নিয়ে জনস্বার্থের বিপরীতে সয়াবিন তেলের দাম আট টাকা বাড়িয়ে দিয়ে ছিল। নতুন করে আবারও বোতলজাত সয়াবিনের সরবরাহ কমিয়ে দিয়েছে। বর্তমানে চুরি-অপচয়ের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সিষ্টেম লসের নামে চুরি-অদক্ষতার দায় ভোক্তাদের উপর চাপিয়ে পতিত সরকার যেমন দফায় দফায় দ্রব্য মূল্য বৃদ্ধি করেছিলো, এই সরকারও একইভাবে সেই জনস্বার্থ বিরোধী পথেই হাটছে। গণ-অভ্যুত্থানের আকাঙ্খার বিপরীতে পক্ষপাত অবস্থান ও স্পষ্ট। জীবনানন্দ দাশ, জগদীশ চন্দ্র বসু, ডা, আলীম চৌধুরীর মতো বিশিষ্ট জন, মুক্তিযুদ্ধসহ ইতিহাস ঐতিহ্য মুছে ফেলার উদ্যোগ সরকারের নিরব সম্মতি ছাড়া সম্ভব নয়।
বক্তারা আরও বলেন, দেশে সবচাইতে অবহেলিত হচ্ছে মানুষ গড়ার কারিগর খ্যাত শিক্ষক ও দেশের মূলশক্তি শ্রমজীবী মানুষ। শিক্ষকরা বেশ কয়েকদিন ধরে প্রেসক্লাবের সামনের রাস্তা জুড়ে বসে আছে। পতিত সরকারও তাদের অবেহেলা করেছে নির্যাতন করেছে। এ সরকারও সেই অবহেলা নির্যাতনই করছে।
বক্তারা অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার কথা বলেন। অন্যদিকে সরকারি পৃষ্ঠপোষকতায় ছাত্রদের একাংশকে দিয়ে রাজনৈতিক দল গঠনে উৎসাহিত করে সরকার তাদের নিরপেক্ষতা কে প্রশ্নবিদ্ধ করেছে। একইসাথে পক্ষপাত মূলক পদক্ষেপ জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ বেড়েছে নৈরাজ্যকর পরিস্থিতি।
বক্তারা অবিলম্বে বাজার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগের জোর দাবী জানান। একইসাথে দ্রব্যমূল্যের ক্রমাগত উধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সরকারের জনস্বার্থ বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হবার আহবান জানান।

বার্তা প্রেরক

(মঞ্জুর আলম মিঠু)
ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা এর কেন্দ্রীয় দপ্তর

আপনার মূল্যবান মন্তব্য লিখুন