বিবৃতি
তারিখ: ২৫ মার্চ ২০২৫
আমরা গভীর ক্ষোভ ও তীব্র নিন্দার সঙ্গে জানাচ্ছি, সরকার শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধের পরিবর্তে তাদের দমন-পীড়নকেই নীতি হিসেবে গ্রহণ করেছে। তিন মাসের বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে শ্রম মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকদের ওপর আজ পুলিশের বর্বর হামলা প্রমাণ করে যে, এই রাষ্ট্র কেবল মালিক শ্রেণির স্বার্থরক্ষাকারী এক নিপীড়নযন্ত্র!
এই হামলায় বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়সহ বহু আন্দোলনকারীকে বেধড়ক মারধর করে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রীয় বাহিনীর এই ফ্যাসিবাদী আক্রমণ নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়—এটি শাসকশ্রেণির শ্রমিক ও মেহনতি জনতার প্রতিটি ন্যায্য দাবিকে রক্তের আঘাতে স্তব্ধ করে দেওয়ার ধারাবাহিক চক্রান্তের অংশ। কিন্তু ইতিহাস সাক্ষী, নিপীড়ন কখনো শ্রমিকদের লড়াইকে থামাতে পারেনি, পারবেও না!
আমরা সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—শ্রমিকদের বকেয়া মজুরি ও ঈদ বোনাস অবিলম্বে পরিশোধ করতে হবে, গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, হামলাকারী পুলিশ সদস্যদের বিচার করতে হবে। অন্যথায়, শ্রমিক-ছাত্র ঐক্য গড়ে তুলে এই নিপীড়নের জবাব দেওয়া হবে!
শ্রমিকদের লড়াই শুধু তাদের বেঁচে থাকার লড়াই নয়, এটি মানবতার লড়াই। ছাত্রসমাজ এই লড়াইয়ের অঙ্গীকারাবদ্ধ সহযোদ্ধা। আমাদের স্পষ্ট বক্তব্য—এই ফ্যাসিবাদী দমননীতি কোনোভাবেই সহ্য করা হবে না!
ছাত্র গণমঞ্চ

