- ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা
জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতির নামে টাকা আত্মসাৎকারীদের আইনের আওতায় এনে টাকা উদ্ধারের কার্যকর উদ্যোগ নেয়ার দাবি করেছে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সোমবার ৭ এপ্রিল মোর্চার সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহবায়ক নাসির উদ্দীন আহম্মদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূইয়া, বাংলাদেশের সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মুকুল, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান এক যুক্ত বিবৃতিতে এই দাবি করেন।
নেতৃবৃন্দ, জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতির নামে টাকা আত্মসাতের বিরুদ্ধে আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে জামালপুর জামাতের সাবেক আমির হুমায়ুন আহমেদ ও মির্জা মাজেদের নেতৃত্বে মাদারগঞ্জের স্থানীয় জামাত-আওয়ামী চক্র নামে-বেনামে ২৩টি সমবায় সমিতির নামে প্রায় ৩০ হাজার গ্রাহকের এক হাজার কোটি টাকারও বেশি আত্মসাৎ করে আত্মগোপনে চলে যায়। এই সমিতি গুলোতে মধ্যবিত্ত, মসজিদের ইমাম ও দিনমজুর থেকে ভিক্ষুক পর্যন্ত জীবনের প্রধান সময়ের সঞ্চয় বাকি সময়টা একটু ভালোভাবে চলার আশায় গচ্ছিত রেখেছিলেন।
ইতিমধ্যে এই শোকে ৪ জন হার্ট অ্যাটাকে মারা গেছেন। অনেক অভাবে, অসুখে, চিকিৎসা ও খাদ্যে সংকটে মৃত্যুর প্রহর গুনছেন। এর চেয়ে ভয়ংকর লুণ্ঠন আর কী হতে পারে? অসহায় গ্রাহকরা স্থানীয় প্রশাসনের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করেও কোন সহযোগিতা না পেয়ে আন্দোলনে নামতে বাধ্য হন।
প্রশাসন প্রতারিত গ্রাহকদের সহযোগিতা না করলেও ঠিকই প্রতারকদের পক্ষ নেন। ইতিমধ্যে আন্দোলনের আহ্বায়ক ও গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় নেতা শিবলুল বারী রাজুসহ কয়েকজন আন্দোলনকারীকে রাত ২টার সময় আার্মি ক্যাম্পে নিয়ে গিয়ে ভয়ভীতি ও হুমকি দেন।এখনো প্রশাসন ও প্রতারকদের পক্ষ থেকে আন্দোলনকারীদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে ।
আমরা প্রশাসনের এধরনের বিমাতাসুলভ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে অবিলম্বে প্রতারকদের গ্রেফতারপূর্বক বিচারের আওতায় এনে আত্মসাতকৃত টাকা উদ্ধারের কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি করছি।

