কাক কখনো কাকের মাংস খায় না!
বাংলাদেশের শাসক শ্রেণী মার্কিনসহ সাম্রাজ্যবাদ এবং ভারতীয় সম্প্রসারণবাদের তাঁবেদার। এই রাষ্ট্রযন্ত্র, তার প্রধান স্তম্ভ সামরিক বাহিনী তাদেরই সেবায় নিয়োজিত। সেনাবাহিনীর কাঁধে ভর করে চলা তৃতীয় শক্তি ও ধর্মবাদী গোষ্ঠীর ইন্টারিম সরকার তাদের আজ্ঞাবহ।
দক্ষিণ এশিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদের ডান হাত হলো ভারতীয় সম্প্রসারণবাদ। আওয়ামী লীগ হলো ভারতীয় সম্প্রসারণবাদের খাস তাঁবেদার। মার্কিনীরা যেমন ভারতের ইচ্ছাকে সম্পূর্ণ অস্বীকার করতে পারে না, তেমনি মার্কিন-ভারতের তাঁবেদার দেশের অতিধনী শ্রেণীর অন্যান্য অংশগুলোর পক্ষেও তাদের দাবি অস্বীকার করা অসম্ভব। গণঅভ্যুত্থানের ফসল যেহেতু মার্কিন-ভারতের দালাল রাষ্ট্রযন্ত্রের প্রধান স্তম্ভ সেনাবাহিনীর সহায়তায় শাসক শ্রেণীর পেইড এজেন্টদের হাতে গেছে, সুতরাং গণহত্যাকারী আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করবার চেষ্টা করবে– এটাই স্বাভাবিক।
আমরা এমন এক দুর্ভাগা জাতি যে, বিপুল আত্মত্যাগ করেও আমরা নিজের হাতে ক্ষমতা নিতে পারিনি। বৃটিশ, পাকিস্তানী উপনিবেশবাদী শোষণ গণহত্যা কিংবা ফ্যাসিবাদী হত্যা, গণহত্যা কোনটির বিচার আমরা করতে পারিনি। রক্তগঙ্গা বইয়ে দেয়ার পরও সংগ্রামের ফসল বেহাত হয়ে যাওয়ায় বারবার রক্তখেকোরা পুনর্বাসিত হয়েছে, আমাদেরই চোখের সামনে মানবতা গণতন্ত্র ফেরি করেছে। তবে আমরা সবকিছুর হিসাব রাখছি।

