সস্তাশ্রমের বাজারে সংস্কারবাদী কল্যাণমূলক কর্মসূচি অবাস্তব। সাম্রাজ্যবাদী অতিমুনাফার ওপর দাঁড়ানো পশ্চিমা দেশগুলোর এই কর্মসূচির বাস্তবতা নয়া উপনিবেশগুলোতে নেই। তাই সোশ্যাল ডেমোক্র্যাসি বা যে নামেই হোক, সৎ সংস্কারের রাজনীতিও এখানে সর্বোচ্চ এনজিও ধরণের প্রেশার গ্রুপে পর্যবসিত হতে বাধ্য। এখানকার কমিউনিস্ট, ওযার্কার্স নামধারী পার্টিগুলো দীর্ঘদিন ইউরোপের সোশ্যাল ডেমোক্র্যাটদের পৃষ্ঠপোষকতা নিয়ে এই রাজনীতিই করছে। এখন কেউ কেউ কমিউনিস্ট রেটরিকটা ত্যাগ করে পুরোদস্তুর সোশ্যাল ডেমোক্র্যাট কর্মসূচি নিয়ে হাজির হতে চান। লক্ষণীয় বিষয় হল, এঁরা আবার এসব বামদের ব্যর্থতার মাঝেই নতুন পোশাকের যুক্তি খোঁজেন!
সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদের দালাল আমলাতান্ত্রিক বুর্জোয়া ও গ্রাম-শহরের প্রভাবশালীদের বিদ্যমান অর্থনীতি, রাজনীতি ও আমলাতান্ত্রিক ক্রিমিনালাইজড রাষ্ট্রযন্ত্রকে তারা কিভাবে সংস্কার করবেন, এই রাষ্ট্রযন্ত্রের সাথে জনগণকে সম্পর্কিত করতে চান, আল্লাহ মালুম! বিপ্লবী কায়দায় এ ব্যবস্থার উচ্ছেদ ছাড়া তারা এটা কিভাবে করবেন, সেটা লাখ টাকার প্রশ্ন।

